দল জিতলেও জরিমানা গুনতে হবে সৌম্যকে

 দল জিতলেও জরিমানা গুনতে হবে সৌম্যকে

শনিবার শেখ জামাল ক্রীড়াচক্রের দেওয়া ১৮৪ রানের সহজ লক্ষ্য পার করে জিতেছে সৌম্য সরকারের দল লিজেন্ডস অব রুপগঞ্জ। কিন্তু সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই ম্যাচ শেষে জরিমানার মুখে পড়েছে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য।

 অনেক দিন পরে সোহাগ গাজী, মাসুদ রানার বল সীমানাছাড়া করে আবার রানে ফেরার আভাস দিচ্ছিলেন সৌম্য। সে হিসেবে দিনটি রূপগঞ্জের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের হতেই পারত। কিন্তু সেই সম্ভাবনার অপমৃত্যু হল আম্পায়ার রফিকুল ইসলাম জনের এক বিতর্কিত সিদ্ধান্তে। ১৪ বলে ২৯ রান করে মাহমুদউল্লাহর বলে এলবিডব্লু হলেন সৌম্য। আম্পায়ারের এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না বাঁহাতি ওপেনার। রেগেমেগে ছুড়ে মারলেন ব্যাট-গ্লাভস।

 ড্রেসিংরুমে ফিরেও শান্ত হতে পারেননি তিনি। অভিযোগ করতে ছুটলেন ম্যাচ রেফারি বেলায়েত হোসেনের কাছে। সৌম্যর এলবিডব্লু নিয়ে ততক্ষনে উত্তেজনা ছড়িয়ে পড়লো রূপগঞ্জের সমর্থকদের মধ্যেও। এক সময় পুলিশও মাঠে আসতে বাধ্য হয়। আম্পায়ারের সিদ্ধান্তে এমন প্রতিক্রিয়া দেখানোয় ম্যাচ শেষে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সৌম্যকে।

 রূপগঞ্জের আরেক ওপেনার জহিরুল ইসলামের এলবিডব্লু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছে। রূপগঞ্জের যে তিনটি উইকেট পড়েছে, সবগুলোই এলবিডব্লু। ৪৬ রানে ২ উইকেট পড়লেও নাহিদ ইসলাম ও জুনায়েদ সিদ্দিকীর অসাধারণ ব্যাটিং-নৈপুণ্যে ছোট লক্ষ্য তাড়া করতে খুব একটা সমস্যা হয়নি রূপগঞ্জের। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ১২৫ রান। খুব সতর্ক থেকে ৯২ রানের নিখুঁত এক ইনিংস খেলেছেন নাহিদ।  

শনিবার ভীষণ চাপের মধ্যেই খেলতে হয়েছে রূপগঞ্জকে। সুপার লিগে উঠতে হলে ম্যাচটি জিততেই হতো তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মোশাররফ হোসেন। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে অধিনায়কের মতো একাদশের বাইরে ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও।


(প্রিয়.কম)
Bagikan :
+
Previous
Next Post »
 
video bangla natok
Back To Top